এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সশব্দে। পেশোয়ার ছাড়বার পর। এবার বুকখানা শান্ত হলো। আমার কামরাগুলোতে প্রায় তিল ধারণেরও ঠাঁই নেই। সবই শরণার্থীতে ভরা। ওরা হিন্দু আর শিখ। সীমান্ত প্রদেশের নানা জায়গার বাসিন্দা। পেশোয়ার, হোতি মরদান, কোহাট, চরসাদ্দা, খাইবার, লান্ডিকোটাল, বান্নু, নওশেরা আর মনশেরার। কিন্তু আজ ওরা ভিটেমাটি ছেড়ে চলে এসেছে। সব স্টেশনেই মিলিটারির কড়া পাহারা বসেছে।