প্রায় অর্ধ শতাব্দী পূর্বেকার শান্তিনিকেতন; ডাকঘর তারঘর নেই, সবই বোলপুরে। খবরের কাগজ দুই একটা আসে ডাকযোগে—আজকালকার মতো দৈনিক কাগজ ঘরে ঘরে বিলি হতো না। বাইরের জগৎ সম্বন্ধে খবরাখবর কমই রাখতাম। তবুও শুনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় বাসিন্দাদের উপর সেখানকার শ্বেতাঙ্গ বৃটিশ ও বুয়ররা নানাভাবে জুলুম করছে—তার প্রতিবাদ করছেন নাটালের এক গুজরাটি ব্যারিস্টার—নাম তাঁর মোহনদাস করমচাঁদ গান্ধী